কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
দক্ষ মানবসম্পদ গঠন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের প্রত্যয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে বহুল প্রত্যাশিত ‘জব ফেয়ার-২০২৬’। সোমবার (১৫ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে আয়োজিত এ চাকরি মেলা তরুণ-তরুণীদের প্রাণবন্ত অংশগ্রহণে পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।
জেলা প্রশাসন, কুষ্টিয়া এবং কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর যৌথ উদ্যোগে, স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)-এর অর্থায়নে আয়োজিত এ মেলায় দেশের শীর্ষস্থানীয় ১৮টিরও বেশি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল ওয়ালটন, আরএফএল, এএফএল, জেআরসি পাওয়ারটেক, বিডিজবস ডটকম, ম্যাটাডর গ্রুপ, এইচঅ্যান্ডএস গ্লাসওয়্যার লিমিটেড, এইচঅ্যান্ডএস কুকওয়্যার লিমিটেড, উডল্যান্ড, শেডটেক, টু প্রিমিওসহ আরও অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান।
মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মিজানুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি করে, যা কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া টিটিসির অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম। তিনি বলেন, “কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে টিটিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন সিসেফের জব প্লেসমেন্ট অফিসার মো. তরিকুল ইসলাম তুহিন এবং সঞ্চালনায় ছিলেন টিটিসির সিনিয়র ইন্সট্রাক্টর মো. সোহেল রানা।
দিনব্যাপী আয়োজিত এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণ করেন এবং অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সাক্ষাৎকারও নেন। ফলে চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিশেষ করে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের জন্য নিজেদের দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতা সরাসরি নিয়োগদাতাদের সামনে তুলে ধরার এটি ছিল এক অনন্য সুযোগ।
চাকরিপ্রার্থী, প্রশিক্ষণার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রাণবন্ত উপস্থিতিতে সারাদিন টিটিসি প্রাঙ্গণ ছিল মুখর। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি বেকারত্ব হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
কর্মসংস্থানের নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আয়োজিত এই জব ফেয়ার কুষ্টিয়ার তরুণ সমাজের মাঝে নতুন আশার আলো জ্বালিয়েছে। অংশগ্রহণকারীদের ভাষ্য, এমন আয়োজন শুধু চাকরির সুযোগই সৃষ্টি করে না, বরং স্বপ্নপূরণের পথে তরুণদের আত্মবিশ্বাস ও সম্ভাবনাকেও আরও শক্তিশালী করে তোলে।
এ জাতীয় আরো খবর..